বাঁশখালীর সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের দেখতে রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন এবং গৃহহীন ১০০ পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। সরকারি অর্থায়নে এসব পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টি বিবেচনায় রেখে ঘরগুলো নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ঘরে দুটি কক্ষের পাশাপাশি একটি সংযুক্ত শৌচাগার থাকবে। ঘরগুলোকে দুর্যোগ সহনীয় হিসেবে নির্মাণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে। সেখানে সমাবেশের জন্য মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের পাশাপাশি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা, অতিথিদের বসার স্থান এবং অনুষ্ঠানস্থলের সার্বিক ব্যবস্থাপনাও পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি সভা করেছেন। নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে এসএসএফ, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বৈঠক করেছেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য টেকসই পুনর্বাসন ব্যবস্থা, উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং পুরো উপকূলজুড়ে মেরিন ড্রাইভ সড়ক বাস্তবায়নে সরকার উদ্যোগ নেবে।
প্রধানমন্ত্রীর বাঁশখালী সফর সফল করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতারা সফরকে সুশৃঙ্খল ও সফল করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
কসমিক ডেস্ক