২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, কার্যকর থাকবে ৭০ অনুচ্ছেদ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, কার্যকর থাকবে ৭০ অনুচ্ছেদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, কার্যকর থাকবে ৭০ অনুচ্ছেদ ছবির ক্যাপশন:

আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, সংবিধানের এই অনুচ্ছেদ সংশোধন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও এটি বহাল থাকবে। ফলে দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হওয়ার বিধান প্রযোজ্য হবে।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদীয় প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ।

তিনি জানান, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট রাত। সরকারি দলের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী প্রার্থী মনোনয়ন দেবেন এবং মনোনয়নপত্র দাখিলের দিনই প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

চিফ হুইপ বলেন, সংসদে মোট ৩৪৯ জন ভোটার রয়েছেন। তাঁরা আসন ও বিভক্তি নম্বর অনুযায়ী ভোট দেবেন। নির্ধারিত সময়ের আগে ভোট শেষ হলে ব্যালট গণনা করে দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। তবে কোনো ভোট বাকি থাকলে বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করা হবে।

রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য এবং ভোট গণনা ও ফলাফল প্রস্তুতের কার্যক্রম ফলাফল ঘোষণা পর্যন্ত গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এদিকে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, ১১ দলীয় জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদ, বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সুযোগ তৈরি হয়েছে এবং গণতন্ত্রের স্বার্থে বিরোধী দল নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে প্রার্থী দিয়েছে।

নূরুল ইসলাম মনি আরও বলেন, জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ নিয়ে চারটি ক্ষেত্রে ঐকমত্য রয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচনও এর অন্তর্ভুক্ত। জুলাই সনদ বাস্তবায়ন হলেও রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে।

সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের মাধ্যমেই সংস্কার করা হবে। জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী সংসদ অধিবেশনেই একটি নতুন বিল আনার কথাও জানান চিফ হুইপ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তিন অর্থবছরের জিডিপির আকার প্রক্ষেপণ করেছে সরকার

তিন অর্থবছরের জিডিপির আকার প্রক্ষেপণ করেছে সরকার