১২ দিনে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭ মামলা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

১২ দিনে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭ মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
১২ দিনে হাইকোর্টে নিষ্পত্তি ৬২ হাজার ৬৩৭ মামলা ছবির ক্যাপশন:

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির বিশেষ কার্যক্রমের আওতায় মাত্র ১২ কার্যদিবসে ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৫৫ হাজার ৭৩০টি পুরনো ক্রিমিনাল মিস মামলা এবং পুরনো রিট মামলাসহ মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা রয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চ ও রিট মোশন বেঞ্চগুলোতে দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তির কার্যক্রম চলছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারব্যবস্থার গতি বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, গত ১৩ আগস্ট বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের ১৩টি ক্রিমিনাল মোশন বেঞ্চে একদিনে ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২ কার্যদিবসে পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৭৩০টিতে।

সম্প্রতি পুরনো মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হওয়ার পর পুরনো ক্রিমিনাল মিস মামলা ও পুরনো রিট মামলা মিলিয়ে মোট ৬২ হাজার ৬৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলাজট বাংলাদেশের বিচারব্যবস্থার দীর্ঘদিনের বড় চ্যালেঞ্জ। পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ বিচারপ্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী করবে।

একদিনে ৫ হাজার ৪০৫টি পুরনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তিকে তিনি অত্যন্ত প্রশংসনীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন। এ ধরনের কার্যকর উদ্যোগের জন্য প্রধান বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রশংসা করেন তিনি।

সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, গত ৭ মে হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চগুলোর বিচারপতিদের দীর্ঘদিনের পুরনো মামলা নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে পুরনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়।

মামলাজট কমানো এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। অ্যাটর্নি জেনারেল অফিসও দ্রুত মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হাসিনা–কামালসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৯ এপ্রিল

হাসিনা–কামালসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৯ এপ্রিল