ফিলিস্তিনি চিকিৎসক এবং উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবিতে জেরুজালেমে বিক্ষোভ করেছেন একদল ইসরায়েলি মানবাধিকারকর্মী। সোমবার একটি মার্কিন কূটনৈতিক স্থাপনার সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে তারা গাজায় সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি নির্যাতন বন্ধেরও দাবি জানান।
দখলবিরোধী ইসরায়েলি সংগঠন ফ্রি জেরুজালেম-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। তারা ঢাক-ঢোল বাজিয়ে স্লোগান দেন এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান।
বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে ডা. হুসাম আবু সাফিয়ার মুক্তির দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে গাজায় চলমান সংঘাত বন্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়।
বিক্ষোভে অংশ নেওয়া অধিকারকর্মী লুইস ফ্র্যাঙ্কেনথাল আনাদোলু সংবাদ সংস্থাকে বলেন, ডা. আবু সাফিয়াকে আটকের ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। তার অভিযোগ, আটক অবস্থায় ওই চিকিৎসক নির্যাতন, অনাহার এবং জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছেন।
তিনি বলেন, তাদের মূল বার্তা হলো—নির্যাতন বন্ধ করতে হবে, গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে শেষ করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। সে সময় হাসপাতালের রোগী ও চিকিৎসাকর্মীদের সরিয়ে দেওয়ার পর হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে আটক করা হয়। এরপর থেকেই তার মুক্তির দাবিতে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও অধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করে আসছেন।
কসমিক ডেস্ক