নাটোর–২ আসনে ভোটের আগে ৪ কোটি টাকার লেনদেন স্থগিত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নাটোর–২ আসনে ভোটের আগে ৪ কোটি টাকার লেনদেন স্থগিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
নাটোর–২ আসনে ভোটের আগে ৪ কোটি টাকার লেনদেন স্থগিত ছবির ক্যাপশন:

নাটোর–২ (সদর ও নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থীর অভিযোগের পর ইসলামী ব্যাংকের নাটোর শাখায় প্রায় চার কোটি টাকার একটি লেনদেন স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ব্যবস্থা নেওয়া হয়।

বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার (দুলু) জানিয়েছেন, ঢাকা থেকে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় একটি সন্দেহজনক লেনদেন পাঠানো হয়েছিল। তিনি অভিযোগ জানিয়ে জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে লেনদেনটি স্থগিত রাখার আবেদন করেন। অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ভোটের ঠিক এক দিন আগে এত বড় অঙ্কের টাকা উত্তোলন সন্দেহজনক। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই টাকা ভোট কেনাবেচার কাজে ব্যবহার হতে পারে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে লেনদেনটি স্থগিত রাখা যৌক্তিক বলে মনে করেন তিনি।

ইসলামী ব্যাংক নাটোর শাখার কর্মকর্তা রেজাউল করিম জানান, চার কোটি টাকার লেনদেন ব্যাংকের জন্য বড় কিছু নয়। নির্বাচনের সময় ব্যাংক বন্ধ থাকায় একটি এটিএম বুথের জন্য টাকা সরবরাহের জন্য চাহিদাপত্র দেওয়া হয়েছিল। এতে কোনো অনিয়ম বা সন্দেহ নেই।

সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা উজ্জল কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, একজন প্রার্থীর অভিযোগের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ বাদ

পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানের নামের আগে ‘বঙ্গবন্ধু’ বাদ