সাইবার ঝুঁকিতে ব্যাংকিং খাত, সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সাইবার ঝুঁকিতে ব্যাংকিং খাত, সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
সাইবার ঝুঁকিতে ব্যাংকিং খাত, সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছবির ক্যাপশন:

দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা অবকাঠামো এখনো প্রত্যাশিত মানে পৌঁছাতে পারেনি, যা কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি বড় উদ্বেগের বিষয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গভর্নর এ মন্তব্য করেন। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি দ্রুত বাড়লেও অনেক বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনও দুর্বল। ফলে সম্ভাব্য সাইবার হামলা ও তথ্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলার সংখ্যা কমবে না; বরং আরও বাড়তে পারে। তার মতে, সরকারি প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই সরকারি ও বেসরকারি—উভয় খাতকে সমন্বিতভাবে কাজ করে শক্তিশালী সাইবার নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার আড়ালে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং, মিথ্যা তথ্য এবং হয়রানিমূলক কনটেন্ট প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সরকার এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

মন্ত্রী জানান, সরকারকে নিয়ে মিথ্যা প্রচারণা এবং বিভ্রান্তিকর কনটেন্ট প্রতিরোধে শিগগিরই মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এসব উদ্যোগের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সাইবার নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক দিবস পালন করবে বিএনপ

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার শোক দিবস পালন করবে বিএনপ