যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি এক পডকাস্টে এলিয়েন বা ভিনগ্রহবাসীর অস্তিত্ব নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। পডকাস্টে তিনি স্পষ্টভাবে বলেন, “এলিয়েন বাস্তব, তবে আমি তাদের দেখিনি এবং তারা এরিয়া ৫১ বা কোনো গোপন স্থানে রাখা হয়নি।”
রয়া নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্রকাশিত ওই পডকাস্টে ওবামা ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে আলাপচারিতায় দ্রুত প্রশ্নোত্তর পর্বে এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে বক্তব্য দেন। সাবেক প্রেসিডেন্ট এ বিষয়ে বলেন, তার কাছে কোনো প্রমাণ নেই যে তিনি নিজে এলিয়েন দেখেছেন বা তাদের স্থানান্তর দেখেছেন।
ওবামা বলেন, “যদি এরিয়া ৫১-এ বা কোনো ভূগর্ভস্থ স্থাপনায় তারা থাকে, তা হলে হয়তো বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি এর প্রমাণ দেখিনি।” এছাড়া তিনি হালকা মেজাজে রসিকতা করে বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন তার প্রথম প্রশ্নই ছিল, “এলিয়েনরা কোথায়?”
পডকাস্টে ওবামা আরও বলেন, মহাবিশ্বের বিশালতা বিবেচনা করলে পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনা থাকা স্বাভাবিক। তিনি বিশ্বাস করেন, আমাদের ছাড়া অন্য গ্রহেও প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তবে হোয়াইট হাউসে ২০০৯ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালনকালে কোনো সরাসরি প্রমাণ তিনি পাননি।
এলিয়েন বিষয়ে এটি ওবামার প্রথম মন্তব্য নয়। এর আগেও তিনি বিভিন্ন সাক্ষাৎকারে ভিনগ্রহবাসীর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে এবার স্পষ্টভাবে তিনি বললেন যে, এলিয়েন বাস্তব, তবে তারা গোপন ঘাঁটিতে বা সরকারের হাতে বন্দি নয়।
সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্য মার্কিন রাজনৈতিক অঙ্গনে ভিনগ্রহ ও UFO নিয়ে চলমান আলোচনাকে আরও জোরদার করেছে। বিশেষ করে এরিয়া ৫১ নিয়ে নেটিজেনদের কৌতূহল নতুনভাবে উসকে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ওবামার মতামত মহাবিশ্বে মানুষের সীমিত জ্ঞানের প্রতিফলন। তার বক্তব্য থেকে বোঝা যায়, তিনি এলিয়েনের অস্তিত্বের সম্ভাবনাকে সম্পূর্ণ অস্বীকার করছেন না, বরং বিষয়টি বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে বিচার করছেন।
এ ধরনের মন্তব্য ভক্ত, বিজ্ঞানপন্থী ও UFO অনুসন্ধানকারীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নেটিজেনরা সামাজিক মাধ্যমে ওবামার বক্তব্যের নানা ব্যাখ্যা এবং তাদের মতামত শেয়ার করছেন।