বলিউডের অন্যতম আলোচিত প্রেম ও বিচ্ছেদ ছিল অভিষেক বচ্চন ও কারিশমা কাপুর-এর সম্পর্ক। তাদের প্রেম, বাগদান এবং আকস্মিক বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা ছিল। এবার সেই সম্পর্ক ভাঙার পেছনে নতুন করে চাঞ্চল্যকর দাবি সামনে এনেছেন প্রয়াত অভিনেতা মুকরির মেয়ে নাসিম মুকরি।
সম্প্রতি এক পডকাস্টে তিনি দাবি করেন, শুরু থেকেই এই সম্পর্ক মেনে নিতে পারেননি কারিশমার মা ববিতা কাপুর। তার মতে, ববিতা এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন এবং শেষ পর্যন্ত তার কারণেই অভিষেক ও কারিশমার বাগদান ভেঙে যায়।
নাসিমের ভাষ্য অনুযায়ী, বিয়ের আগেই অভিষেকের কাছে একটি আর্থিক শর্ত দেওয়া হয়েছিল—কারিশমার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হবে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সেই সময় কারিশমা ছিলেন বড় তারকা এবং ক্যারিয়ারের শীর্ষে। এই শর্ত নিয়েই দুই পরিবারের মধ্যে মতবিরোধ তৈরি হয়।
পডকাস্টে উপস্থিত সাংবাদিক ভিকি লালওয়ানি-ও এ বিষয়ে প্রশ্ন তোলেন এবং জানান, তাদের সম্পর্ক অনেক আগে থেকেই শুরু হয়েছিল। নাসিম বলেন, সিনেমার শুটিং শুরুর আগেই তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছিল।
তিনি আরও দাবি করেন, ববিতা ছিলেন অত্যন্ত কঠোর মা, যার কারণে তার মেয়েরা তাকে ভয় পেতেন। কারিনা কাপুর পরবর্তীতে আলাদা হয়ে গেলেও কারিশমা দীর্ঘদিন মায়ের সঙ্গেই ছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালের অক্টোবরে অভিষেক ও কারিশমার বাগদান হয়, যা বলিউডে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই, ২০০৩ সালের জানুয়ারিতে সেই বাগদান ভেঙে যায়। পরে একই বছর কারিশমা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন।
যদিও এসব দাবি নিয়ে সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও বহু বছর পর এই তথ্য আবারও আলোচনায় এনেছে তাদের সেই বহুল আলোচিত সম্পর্ককে।
কসমিক ডেস্ক