হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
হরিদাসের বিরুদ্ধে ১০ কোটি টাকা হুন্ডির অভিযোগ ছবির ক্যাপশন:

গাইবান্ধার আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার হুন্ডি লেনদেনের অভিযোগ এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার পরিবার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

রোববার (১২ জুলাই) রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট তাকে গ্রেপ্তার করে। সিআইডির দাবি, তাদের অনুসন্ধানে দেশি-বিদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকার হুন্ডি লেনদেনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গাইবান্ধায় ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী দাস। ওই প্রকল্পের অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠার পর সম্প্রতি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা দায়ের করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, রোববার একটি মানি লন্ডারিং মামলা রুজু করা হয়েছে এবং ওই মামলার আসামি হিসেবে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট হরিদাসকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন ব্যক্তি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে পলাশবাড়ীর শ্রী শ্রী কালী মন্দিরে প্রবেশ করেন। পরে তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে ডেকে এনে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যান।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান। তিনি জানান, মানি লন্ডারিং মামলার তদন্তের অংশ হিসেবে সিআইডি তাকে আটক করেছে। ঘটনার পর মন্দির এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ‘বৃহত্তম রামমূর্তি’ নির্মাণ প্রকল্পটি গত জুন মাসেই স্থগিত ঘোষণা করে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি। সে সময় কমিটি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মন্দির কমিটির ভাষ্য অনুযায়ী, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ আসায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে তারা দাবি করেন, প্রশাসন বা কোনো রাজনৈতিক চাপের কারণে নয়, বরং স্থানীয় পরিস্থিতি বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়েই নির্মাণকাজ স্থগিত করা হয়েছিল।

এদিকে, হরিদাস চন্দ্র তরণী দাসের পরিবার সিআইডির আনা অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত সত্য প্রকাশ পাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে আইনি সেবার ঘোষণা

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বিনামূল্যে আইনি সেবার ঘোষণা