পেনাল্টির আগে গোলকিপারকে কী বলেছিলেন নেইমার? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পেনাল্টির আগে গোলকিপারকে কী বলেছিলেন নেইমার?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
পেনাল্টির আগে গোলকিপারকে কী বলেছিলেন নেইমার? ছবির ক্যাপশন:

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে পেনাল্টি নেওয়ার আগে নেইমার জুনিয়র ও নরওয়ের গোলকিপার ওরিয়ান নাইল্যান্ডের মধ্যে হওয়া কথোপকথন প্রকাশ্যে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ফান্তাস্তিকো-তে প্রকাশিত অডিওতে দুই ফুটবলারের কথোপকথন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, পেনাল্টি নেওয়ার আগে নেইমার হাসিমুখে গোলকিপারকে উদ্দেশ্য করে বলেন, “বলটা কোন দিকে চাস? কোন দিকে মারব বল?” এর জবাবে নাইল্যান্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “পোস্টে মার। তবে আমি এটা ঠেকিয়ে দেব। দেখে নিস, আমি আটকাব।”

এরপর পেনাল্টি শট নিতে এগিয়ে যান নেইমার। তিনি নিখুঁতভাবে বল জালে পাঠাতে সক্ষম হন। গোলের পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোলকিপারের দিকে তাকিয়ে বলেন, “আমার সঙ্গে এই চালাকি চলবে না! আমার সঙ্গে নয়!” এই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

তবে এই গোল ব্রাজিলের জন্য যথেষ্ট ছিল না। নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ে ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকেই।

ম্যাচের প্রথমার্ধেও ব্রাজিল একটি পেনাল্টি পেয়েছিল। সে সময় ব্রুনো গিমারায়েসের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নাইল্যান্ড। শেষদিকে কাসেমিরোর আদায় করা পেনাল্টি থেকে নেইমার গোল করলেও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়নি।

এই পেনাল্টি গোলটি নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল হিসেবে উল্লেখ করা হয়েছে। ম্যাচ শেষে জিই টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। তিনি বলেন, “আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। কিন্তু এখন সব শেষ। এখানেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম।”

প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হওয়া নেইমার দেশের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৮০টি গোল এবং ৫৯টি অ্যাসিস্ট। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যক্তিগত সাফল্য অর্জন করলেও বিশ্বকাপ এবং কোপা আমেরিকার শিরোপা জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই তাঁর আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাসপোর্ট একটি ‘ভ্রমণ নথি’, নাগরিকত্বের সনদ নয় : ভারত

পাসপোর্ট একটি ‘ভ্রমণ নথি’, নাগরিকত্বের সনদ নয় : ভারত