জুলাই সংগ্রামে আহতদের অগ্রাধিকার, বিপিএর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জুলাই সংগ্রামে আহতদের অগ্রাধিকার, বিপিএর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
জুলাই সংগ্রামে আহতদের অগ্রাধিকার, বিপিএর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ছবির ক্যাপশন:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) দেশব্যাপী দুই দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ও পুনর্বাসন ক্যাম্প শুরু করেছে। বুধবার (৫ আগস্ট) সাভারের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)সহ দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একযোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই বিশেষ উদ্যোগে জুলাই সংগ্রামে আহত এবং দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতা বা স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে সাধারণ জনগণের জন্যও বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং পুনর্বাসন সেবা উন্মুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের তথ্য অনুযায়ী, জুলাই সংগ্রামে আহত অনেক ব্যক্তি এখনো দীর্ঘস্থায়ী ব্যথা, মাংসপেশি ও অস্থিসন্ধির সমস্যা, স্নায়ুর আঘাত, চলাচলে সীমাবদ্ধতা এবং কর্মক্ষমতা হ্রাসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সময়মতো বিজ্ঞানভিত্তিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা না পেলে তাদের অনেকেই স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকিতে পড়তে পারেন। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশের বিভিন্ন বিভাগে অভিজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকদের মাধ্যমে বিশেষায়িত সেবা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জুলাই সংগ্রামে আহতরা জাতির গর্ব। তাদের দ্রুত স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনা চিকিৎসকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। তিনি বলেন, সময়োপযোগী ফিজিওথেরাপি চিকিৎসা অনেক আহত ব্যক্তিকে স্থায়ী প্রতিবন্ধিতার ঝুঁকি থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংগঠনের সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির বলেন, ফিজিওথেরাপি শুধু ব্যথা উপশমের চিকিৎসা নয়; এটি একজন মানুষকে পুনরায় স্বাভাবিক জীবন ও কর্মক্ষেত্রে ফিরিয়ে আনার একটি বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দেশব্যাপী এই কর্মসূচিতে সিআরপি, ঢাকা ফিজিওথেরাপি অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট সেন্টার, ইব্রাহিম জেনারেল হাসপাতাল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বিপিএ আহত ব্যক্তি ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে এমন সবাইকে নিকটস্থ অংশগ্রহণকারী কেন্দ্রে গিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঐক্যের স্বার্থে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশে

ঐক্যের স্বার্থে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশে