‘চমৎকার ভোট হচ্ছে’— এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, চমৎকার পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন করার কথা বলেছিলেন— আমরা দেখছি একটি ঐতিহাসিক নির্বাচনই হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটে কোনো শঙ্কা নেই। ফলাফল-পরবর্তী সহিংসতার বিষয়ে তিনি বলেন, বড় রাজনৈতিক দলগুলো ফলাফল যাই হোক মেনে নেওয়ার কথা জানিয়েছে। এছাড়া যেহেতু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই সহিংসতার আশঙ্কা নেই।
গুজব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন নিয়ে আগে থেকেই নানা গুজব ছড়ানো হচ্ছিল— নির্বাচন হবে না, সহিংসতা হবে— এমন কথাও বলা হয়েছে। তবে বাস্তবে একটি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। ২০১৮ সালের নির্বাচনে ভোট দিতে এসে তাকে বলা হয়েছিল তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে।
এদিকে প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত প্রথম আড়াই ঘণ্টায় মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রায় ১১ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৮৪ জন।
প্রিসাইডিং অফিসার সৈয়দ গোলাম মহিউদ্দিন জানান, নির্ধারিত সময় পর্যন্ত ২৭৫ জন ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের প্রায় ১১ শতাংশ।
কেন্দ্র সূত্রে আরও জানানো হয়, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
কসমিক ডেস্ক