চট্টগ্রামে ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চট্টগ্রামে ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 22, 2026 ইং
চট্টগ্রামে ব্যবসায়ীকে ঘেরাও করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরীতে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আহমেদ কবির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।

মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে খুলশী থানার গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় মোহাম্মদ সিরাজ নামের এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আহমেদ কবির। সিরাজ চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন বাসা থেকে ডেবারপাড় বাজারে যাওয়ার পথে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাকে ঘেরাও করে। এ সময় তারা জানায়, চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে সাংবাদিক পরিচয়ধারী আহমেদ কবিরকে ৫০ লাখ টাকা দিতে হবে।

সিরাজ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং নিচের ঠোঁট কেটে রক্তাক্ত হন। একপর্যায়ে আহমেদ কবির তার গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন বলেও মামলায় উল্লেখ রয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাত দিনের মধ্যে টাকা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় আহত সিরাজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি খুলশী থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ জানান, প্রায় তিন থেকে চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে টাকা দাবি করা হচ্ছিল। সম্প্রতি একসঙ্গে ৫০ লাখ টাকা দাবি করা হয়।

খুলশী থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ কামাল বলেন, “আহমেদ কবির লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে তার ওপর হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করেন। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন।”

ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় আহমেদ কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, চাঁদাবাজির এমন অভিযোগ ব্যবসায়ী মহলে আতঙ্ক তৈরি করে। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান