টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 16, 2026 ইং
টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটু পানি ছবির ক্যাপশন:

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার মহাসড়কের বিভিন্ন অংশে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের ওপর জমে থাকা পানির কারণে যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। একই সঙ্গে আশপাশের এলাকায় ড্রেনের নোংরা পানি বাসাবাড়িতে ঢুকে পড়েছে। অনেক শাখা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার মধ্যে স্থানীয় কিছু মানুষকে মহাসড়কের পাশে জাল ফেলে মাছ ধরতেও দেখা গেছে। বৃষ্টির পানিতে এলাকা প্লাবিত হওয়ায় অনেকের ঘরবাড়ি ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, অল্প বৃষ্টি হলেই তাদের এলাকায় পানি জমে যায়। এবার টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় ঘরের আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যাচ্ছে না।

স্থানীয়দের মতে, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং পানি নিষ্কাশনের সীমিত সক্ষমতার কারণে এ ধরনের জলাবদ্ধতা বারবার সৃষ্টি হচ্ছে। ড্রেনের মুখে আবর্জনা জমে থাকায় পানি দ্রুত নামতে পারছে না।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘণ্টার টানা বৃষ্টির ফলে ড্রেন দিয়ে পর্যাপ্ত পানি নিষ্কাশন সম্ভব হয়নি। এছাড়া বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে ড্রেনের প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। তিনি জানান, পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বর্ষা মৌসুমে এমন জলাবদ্ধতা স্থানীয়দের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থায়ী সমাধানের জন্য উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুটবল বিশ্বকাপের সঙ্গে সংগীতের মহাযুদ্ধ, স্টেজ কাঁপাবেন বিশ্

ফুটবল বিশ্বকাপের সঙ্গে সংগীতের মহাযুদ্ধ, স্টেজ কাঁপাবেন বিশ্