বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন, দেশের কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কৃষি ও শিল্প খাতের উন্নয়ন এবং রফতানি বহুমুখীকরণের লক্ষ্য নিয়ে ৬০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই প্যাকেজের আওতায় বিশেষভাবে উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এই অর্থনৈতিক উদ্যোগ থেকে প্রায় ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিস আয়োজিত মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। সভাটি অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে।
গভর্নর বলেন, দেশের নগদ অর্থনির্ভর লেনদেন কমিয়ে ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে “ক্যাশলেস বাংলাদেশ” বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে “এক দেশ, এক কিউআর” ধারণা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রবর্তিত ‘বাংলা কিউআর’ পেমেন্ট স্ট্যান্ডার্ড আগামী ৫ জুলাই থেকে দেশের সব ব্যাংক ও এমএফএস সেবায় একযোগে চালু হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে কাজ করছে। নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশীজনদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসেরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধি, উদ্যোক্তা, শিক্ষক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক