বিএনপি নেতার মামলায় বগুড়ার সাবেক ওসিকে জেলে পাঠাল আদালত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিএনপি নেতার মামলায় বগুড়ার সাবেক ওসিকে জেলে পাঠাল আদালত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2026 ইং
বিএনপি নেতার মামলায় বগুড়ার সাবেক ওসিকে জেলে পাঠাল আদালত ছবির ক্যাপশন:

বিএনপি নেতার দায়ের করা চাঁদাবাজির মামলায় বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৯ মার্চ) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আবুহেনা সিদ্দিকী এই আদেশ দেন।

জানা গেছে, ২০১৬ সালে বিএনপি নেতা ফজলুল হক উজ্জ্বলের কাছ থেকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগে করা মামলায় সাবেক ওসি আলমগীর হোসেন আদালতে হাজিরা দিতে আসেন। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক এবং শাহজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন তার গাড়িকে ধাওয়া দিয়ে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, থানায় নেওয়ার পর তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। জীবন রক্ষার আশঙ্কায় তিনি বাধ্য হয়ে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেন বলে অভিযোগে বলা হয়েছে।

তবে টাকা দেওয়ার পরও তাকে একটি অজ্ঞাত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় বলে দাবি করেছেন মামলার বাদী।

ঘটনার দীর্ঘ সময় পর, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ফজলুল হক উজ্জ্বল আদালতে এই চাঁদাবাজির মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য শাহজাহানপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে দায়িত্ব দেন।

তদন্ত শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা আদালতে অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করেন। এরপর আদালতের সমন অনুযায়ী সাবেক ওসি আলমগীর হোসেন আদালতে হাজিরা দিতে আসেন।

বগুড়া আদালতের কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা দিতে এলে শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মামলার বাদী ফজলুল হক উজ্জ্বল বলেন, সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু পুলিশ কর্মকর্তা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন বলে তিনি মনে করেন।

তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে কেউ ক্ষমতার অপব্যবহার করার সাহস পাবে না। একই সঙ্গে তিনি ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ

সরকারি পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ