পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে তিনি এ কবর জিয়ারত করেন।
কবর জিয়ারতের সময় তিনি প্রয়াত বাবা-মায়ের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। পরে বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
ঈদের দিন পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে কবর জিয়ারতের এ কর্মসূচিকে ঘিরে জিয়া উদ্যান ও বনানী কবরস্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও উপস্থিত ছিলেন।
ঈদের প্রধান জামাতে আরও অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা।
জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের পর খুৎবা পাঠ করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। জাতীয় ঈদগাহ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেন এবং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কসমিক ডেস্ক