হরমুজ বন্ধ থাকলে হুমকির মুখে পড়বে যুক্তরাজ্যের অর্থনীতি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হরমুজ বন্ধ থাকলে হুমকির মুখে পড়বে যুক্তরাজ্যের অর্থনীতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
হরমুজ বন্ধ থাকলে হুমকির মুখে পড়বে যুক্তরাজ্যের অর্থনীতি ছবির ক্যাপশন:

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে ২০২৭ সালে যুক্তরাজ্যের অর্থনীতি মন্দায় পড়তে পারে বলে সতর্ক করেছে বৈশ্বিক হিসাব নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)

প্রতিষ্ঠানটির প্রকাশিত অর্থনৈতিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যেও যদি হরমুজ প্রণালি পুনরায় চালু না হয়, তবে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বাড়ার কারণে যুক্তরাজ্যের অর্থনীতি উল্লেখযোগ্য চাপের মুখে পড়বে।

ইওয়াই-এর যুক্তরাজ্যের প্রধান অর্থনীতিবিদ পিটার আর্নল্ড বলেন, আগামী কয়েক মাসের মধ্যে হরমুজ প্রণালি খুলে গেলে বড় ধরনের অর্থনৈতিক সংকট এড়ানো সম্ভব হতে পারে। তবে প্রণালিটি যদি ২০২৭ সাল পর্যন্ত বন্ধ থাকে, তাহলে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে অর্থনীতিকে সংকুচিত বা মন্দার দিকে ঠেলে দিতে পারে।

প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুযায়ী, দীর্ঘ সময় প্রণালি বন্ধ থাকলে ২০২৬ সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৫ শতাংশে নেমে আসতে পারে। পাশাপাশি ২০২৭ সালে অর্থনীতি ০.২ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে প্রতিবেদনে ইতিবাচক সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। ইওয়াই বলছে, যদি চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করা হয়, তাহলে ২০২৬ সালে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি ০.৯ শতাংশে পৌঁছাতে পারে, যা পূর্ববর্তী ০.৮ শতাংশ পূর্বাভাসের চেয়ে বেশি। একই সঙ্গে ২০২৭ সালে অর্থনীতি ১.২ শতাংশ সম্প্রসারিত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ নৌপথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার ও বিশ্বের বড় অর্থনীতিগুলোর ওপরও ব্যাপক প্রভাব ফেলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
হংকং শেয়ারবাজারে লাক্সশেয়ারের অভিষেক, প্রথম দিনেই কমল শেয়ারদ

হংকং শেয়ারবাজারে লাক্সশেয়ারের অভিষেক, প্রথম দিনেই কমল শেয়ারদ