আইসিসিআর বৃত্তিতে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আইসিসিআর বৃত্তিতে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
আইসিসিআর বৃত্তিতে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী ছবির ক্যাপশন:

ভারত সরকারের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি নিয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে যাচ্ছেন বাংলাদেশের ৫৪১ জন শিক্ষার্থী। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বারিধারায় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা) আনিষ রঞ্জন জানান, চলতি শিক্ষাবর্ষে সারা বাংলাদেশ থেকে প্রায় ৭ হাজার ৭০০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৫৪১ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে। তারা ভারতের ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং বিভিন্ন বিশেষায়িত কোর্সে অধ্যয়নের সুযোগ পাবেন।

তিনি বলেন, আইসিসিআর বৃত্তি ভারত সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ শিক্ষা কর্মসূচি। এর মাধ্যমে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পান। এই কর্মসূচি শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাজীবন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আত্মবিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বলেন, আইসিসিআর বৃত্তি কর্মসূচি বাংলাদেশ ও ভারতের তরুণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করবে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুভূতি প্রকাশ করা হয়। দিনাজপুরের শিক্ষার্থী পিযুষ কান্তি দেব শর্মা জানান, তিনি ভারতের পাঞ্জাবের একটি প্রতিষ্ঠানে কথক নৃত্যের ওপর সিনিয়র ডিপ্লোমা করতে যাচ্ছেন। এ সুযোগ পাওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রসংগীত, সংগীত পরিবেশনা এবং কথক নৃত্য পরিবেশন করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
জ্বালানি কারসাজি ঠেকাতে পুরস্কার ঘোষণা, গঠিত ভিজিলেন্স টিম

জ্বালানি কারসাজি ঠেকাতে পুরস্কার ঘোষণা, গঠিত ভিজিলেন্স টিম