চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে বারবার জলাবদ্ধতার কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়া ঠেকাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন প্রায় পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (৮ জুলাই) সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য যাত্রীদের দুর্ভোগ কমানো এবং চট্টগ্রাম-কক্সবাজার রেলপথকে সারাবছর সচল রাখা। তিনি জানান, চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করা হলে অতিবৃষ্টির সময়ও রেললাইন পানির নিচে তলিয়ে যাবে না, ফলে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং রেল যোগাযোগ আরও নিরবচ্ছিন্ন হবে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে রয়েছে, যা রেল চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।
নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, পানি না কমা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
যেসব যাত্রী আগাম টিকিট কেটেছেন, তারা বাংলাদেশ রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের অর্থ ফেরত পাবেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এ রুটে ট্রেন চলাচল শুরু করা হবে।
উল্লেখ্য, টানা ভারী বর্ষণের ফলে ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী অংশে রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় বুধবার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতির স্থায়ী সমাধান হিসেবেই রেললাইন উঁচু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
কসমিক ডেস্ক