ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের তরুণ প্রজন্মের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একই সঙ্গে তিনি শিক্ষার্থী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে এ ঘটনাকে সত্য ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাড়গে বলেন, ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বর শেষ পর্যন্ত ক্ষমতার দরজায় পৌঁছেছে। শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমে আন্দোলন করা কোটি কোটি তরুণের এটি একটি গুরুত্বপূর্ণ বিজয় বলেও মন্তব্য করেন তিনি।
কংগ্রেস সভাপতি দাবি করেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শুধু শিক্ষার্থীদের নয়, বরং সত্যেরও জয়। তার ভাষায়, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একগুঁয়েমির পরাজয় এবং সেই সব পরিবারেরও বিজয়, যারা প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, সংসদ থেকে রাজপথ পর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থে সোচ্চার থাকা ঐক্যবদ্ধ বিরোধী জোটেরও এটি একটি সাফল্য। বিরোধী দলগুলোর ধারাবাহিক চাপ ও শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে খাড়গে বলেন, এখন দেশের তরুণদের কাছে ক্ষমা চাওয়ার সময় এসেছে। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, ব্যাটন ও পেলেট গান ব্যবহারের নির্দেশদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে বিরোধীরা এটিকে শিক্ষার্থী আন্দোলনের বড় বিজয় হিসেবে তুলে ধরছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে।
কসমিক ডেস্ক