ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে চীনের গৃহস্থালি যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিডিয়ার বহনযোগ্য এসি পোর্টাস্প্লিট এই গ্রীষ্মে ইউরোপের অন্যতম আলোচিত পণ্যে পরিণত হয়েছে।
বাজারে আসার পরপরই অনেক দেশে পণ্যটি বিক্রি শেষ হয়ে যাচ্ছে। এমনকি পুনর্বিক্রয় (রিসেল) বাজারে প্রায় ৭৫০ ইউরো মূল্যের এই এসি দুই থেকে তিন গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। কোথায় পণ্যটি পাওয়া যাচ্ছে, তা জানাতে ‘মিডিয়াফাইন্ডার’ নামে আলাদা একটি ওয়েবসাইটও চালু হয়েছে।
চলতি বছর পশ্চিম ইউরোপে রেকর্ড উষ্ণ জুন মাস পার হয়েছে। জার্মানির বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আবহাওয়াবিদদের আশঙ্কা, গ্রীষ্ম শেষ হওয়ার আগে আরও কয়েকটি তাপপ্রবাহ দেখা দিতে পারে। ফলে যেসব দেশে আগে এসির ব্যবহার তুলনামূলক কম ছিল, সেখানেও এখন দ্রুত বাড়ছে এর চাহিদা।
জার্মানির হামেলিন শহরের বাসিন্দা প্রকৌশলী স্টিভেন শোলটিসেক জানান, চিলেকোঠার ফ্ল্যাটে বসবাস করায় গরমের সময় তার ঘর অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠত। পরে তিনি মিডিয়ার পোর্টাস্প্লিট এসি কেনার পর পরিস্থিতি বদলে যায় এবং তীব্র গরমেও স্বস্তিতে থাকতে পারছেন।
ইউরোপের বহু পুরোনো ও ঐতিহাসিক ভবনে প্রচলিত এসির বাইরের ইউনিট স্থাপনে কঠোর বিধিনিষেধ থাকায় অনেক বাসিন্দা সাধারণ এসি ব্যবহার করতে পারেন না। পোর্টাস্প্লিটের বিশেষ নকশায় হালকা বাইরের ইউনিট সহজেই জানালার বাইরে বসানো যায়, ফলে ভবনের কাঠামোতে কোনো পরিবর্তন করতে হয় না। এই সুবিধাই পণ্যটির জনপ্রিয়তা বাড়িয়েছে।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বাসিন্দা ডেনিস ইউরচাক বলেন, অনলাইনে ইতিবাচক ব্যবহারকারী মতামত দেখেই তিনি এই এসি কিনেছেন। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পোর্টাস্প্লিট ব্যবহারকারীদের একটি সক্রিয় কমিউনিটিও তৈরি হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে মিডিয়া জানিয়েছে, ফ্রান্স, স্পেন, জার্মানি ও যুক্তরাজ্যে তাদের এসি বিক্রি আগের বছরের তুলনায় ৭০ শতাংশের বেশি বেড়েছে। যদিও বিবিসির কাছে প্রতিষ্ঠানটির ইউরোপ কার্যালয় এই পরিসংখ্যান নিশ্চিত করেনি।
শুধু মিডিয়াই নয়, চীনের আরেক নির্মাতা টিসিএল জানিয়েছে, ফ্রান্সে তাদের এসি বিক্রি ৩০০ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের অন্যতম বড় এসি প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রিও জানিয়েছে, চলতি গ্রীষ্মে তাদের পণ্যের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং অনেক ক্রেতাই জীবনে প্রথমবারের মতো এসি কিনছেন।
তবে এসির ব্যবহার বৃদ্ধির সঙ্গে পরিবেশগত উদ্বেগও বাড়ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, বিশ্বে ব্যবহৃত মোট বিদ্যুতের উল্লেখযোগ্য অংশ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে ব্যয় হয় এবং কার্বন ডাই-অক্সাইড নির্গমনেও এর ভূমিকা রয়েছে। পরিবেশবাদীরা মনে করেন, অতিরিক্ত এসি ব্যবহার শহরের বাইরের তাপমাত্রাও বাড়িয়ে দিতে পারে।
অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয় বলেছে, এসি ব্যবহার করতে হবে পরিস্থিতি বিবেচনা করে এবং ভারসাম্য বজায় রেখে। সংস্থাটির মতে, দীর্ঘমেয়াদে এটি তাপপ্রবাহ মোকাবেলার একমাত্র সমাধান নয়, তবে চরম গরমে ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
চীনা সংবাদমাধ্যমগুলো পোর্টাস্প্লিটের এই জনপ্রিয়তাকে ‘চীনে তৈরি’ প্রযুক্তিপণ্যের সাফল্যের উদাহরণ হিসেবে তুলে ধরছে। অনেক ইউরোপীয় ব্যবহারকারীও বলছেন, এই পণ্য ব্যবহারের পর চীনা প্রযুক্তিপণ্যের মান নিয়ে তাদের ধারণায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
কসমিক ডেস্ক