বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত Afghanistan-এর জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পাঠিয়েছে India। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় Nuristan Province-এ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে এই সহায়তা প্রদান করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র Randhir Jaiswal সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানান, আফগান জনগণের এই দুর্যোগময় সময়ে পাশে থাকতে খাদ্যসামগ্রী, পারিবারিক তাঁবু ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠানো হয়েছে।
সংবাদমাধ্যম Khaama Press জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন ও আশপাশের এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে, প্রায় ৮০ জন আহত হয়েছেন এবং ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
তালিবান-নিয়ন্ত্রিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা Hafiz Mohammad Yousuf Hamad জানান, নিখোঁজদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিশেষায়িত জরুরি দল কাজ করছে। বন্যায় বহু ঘরবাড়ি, দোকানপাট ও কৃষিজমি ধ্বংস হয়ে গেছে, ফলে স্থানীয়দের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।
দুর্গম পাহাড়ি এলাকায় কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছেন। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে ভারতের পাঠানো ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক