বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপে এ আয়োজন করা হয়। দেশটির ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বর্তমানে সরকারি সফরে মালদ্বীপে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যেই এই সরকারি সফরের আয়োজন করা হয়েছে। মালদ্বীপে পৌঁছানোর পর প্রেসিডেন্ট মুইজ্জুর এই সৌজন্য আয়োজনকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।
মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটি সফর করছেন ড. খলিলুর রহমান। সফরকালে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজনে অংশ নেবেন।
শনিবার মালদ্বীপে পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সফরকে বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে আরও গভীর সম্পৃক্ততা সৃষ্টি হবে এবং আগামী বছরগুলোতে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারিত করার ভিত্তি তৈরি হবে।
সফরকালে প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করা, চলমান সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় এবং বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। একই সঙ্গে মালদ্বীপে কর্মরত উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি ড. খলিলুর রহমানের প্রথম সরকারি মালদ্বীপ সফর
কসমিক ডেস্ক