গৌরীর সঙ্গে সংসার শুরু করা সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ খান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

গৌরীর সঙ্গে সংসার শুরু করা সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ খান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
গৌরীর সঙ্গে সংসার শুরু করা সেই বাড়িটিই কিনে নিলেন শাহরুখ খান ছবির ক্যাপশন:

বলিউড সুপারস্টার শাহরুখ খানের জীবনের অন্যতম আবেগঘন স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের বাড়িটি এখন পুরোপুরি তাঁর মালিকানায়। বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে যে বাড়িতে নতুন সংসার শুরু করেছিলেন, দীর্ঘ বছর পর সেই ভবনের অবশিষ্ট অংশও কিনে নিয়েছেন ‘কিং খান’।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসমানিকন্ট্রোল-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ খান। সম্প্রতি তিনি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন। এর ফলে পঞ্চশীল পার্কের পুরো ভবনের মালিকানা এখন তাঁর হাতে।

প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাড়িটি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই এলাকায় জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুট প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি

তবে বাড়িটির গুরুত্ব শুধু আর্থিক মূল্যেই সীমাবদ্ধ নয়। এটি শাহরুখ ও গৌরী খানের দাম্পত্য জীবনের শুরুর সাক্ষী। ১৯৯১ সালে বিয়ের পর এই বাড়িতেই তাঁদের নতুন জীবনের সূচনা হয়েছিল। তখন শাহরুখ বলিউডে প্রতিষ্ঠিত ছিলেন না এবং মুম্বাইয়েও স্থায়ীভাবে বসবাস শুরু করেননি। অভিনয়জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য তখন তিনি কঠোর সংগ্রাম করছিলেন।

পরবর্তীতে অভিনয়ের স্বপ্ন পূরণে মুম্বাইয়ে পাড়ি জমান শাহরুখ খান। সেখান থেকেই শুরু হয় তাঁর সাফল্যের পথচলা। একসময় তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতায় পরিণত হন। তবে জীবনের শুরুর সেই দিনগুলোর স্মৃতি বহন করে চলেছে দিল্লির এই বাড়ি।

গৌরী খানও বিভিন্ন সাক্ষাৎকারে এই বাড়ির প্রতি নিজের আবেগের কথা প্রকাশ করেছেন। তাঁর ভাষায়, পরিবারের সদস্যদের কাছাকাছি থাকা এবং অসংখ্য মূল্যবান স্মৃতির কারণেই বাড়িটি তাঁদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

গৌরী জানান, বাড়ির একটি দেয়ালজুড়ে রয়েছে একটি ‘নস্টালজিয়া ওয়াল’। সেখানে সংরক্ষিত আছে ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান এবং ছোট ছেলে আব্রাম খানের শৈশবের নানা স্মারক, শাহরুখের আঁকা ছবি, পুরোনো পোস্টকার্ড, বিশেষ সংগ্রহ এবং পরিবারের প্রিয় উপহার। এসব স্মৃতিই বাড়িটিকে তাঁদের জীবনের এক অমূল্য সম্পদে পরিণত করেছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনী ইশতেহারে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপ

নির্বাচনী ইশতেহারে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপ