বাউফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাউফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
বাউফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলার অভিযোগ ছবির ক্যাপশন:

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া গ্রামে এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রমিজ দর্জি কালাইয়া ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক। অভিযোগ অনুযায়ী, নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকে স্থানীয় জামায়াত-শিবিরের কর্মীরা তার ওপর ক্ষুব্ধ ছিল।

রমিজ দর্জির দাবি, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে স্থানীয় জামায়াত নেতা আব্দুর রব ও তসলিম মৃধার নেতৃত্বে প্রায় দেড় শতাধিক ব্যক্তি রামদা ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তাকে খুঁজতে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে।

রমিজের স্ত্রী লাইজু বেগম অভিযোগ করেন, হামলাকারীরা তার গলায় রামদা ঠেকিয়ে স্বামীর খোঁজ করে এবং হত্যার হুমকি দেয়। তিনি আরও দাবি করেন, ঘর থেকে নগদ দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার, একটি এলইডি টেলিভিশন ও একটি স্মার্টফোনসহ মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। এছাড়া ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ছোট আসবাবপত্র ভাঙচুর করা হয়।

তিনি জানান, নির্বাচনের আগের দিন রমিজ দর্জির বড় ছেলে রায়হানকে কুপিয়ে জখম করা হয়। বর্তমানে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাউফল উপজেলা আহ্বায়ক মো. তসলিম তালুকদার ঘটনাটিকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর পুরো উপজেলায় নৃশংসতা চালানো হচ্ছে এবং পুলিশ এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালেদুর রহমান বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তাদের কাছে নেই। বিজয়ের পর নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ তাদের নাম ব্যবহার করে অপকর্ম করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত

সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের জানাজা অনুষ্ঠিত