বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আনুশেহ আনাদিল বিরল শ্রবণজনিত সমস্যা টিনিটাস (Tinnitus)-এ আক্রান্ত হয়ে ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি দীর্ঘদিন গান থেকে দূরে থাকার কারণ তুলে ধরেন।
আনুশেহ জানান, টিনিটাসের কারণে তাঁর কানের ভেতরে সারাক্ষণ এক ধরনের শব্দ বাজতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যার প্রভাব তাঁর শ্রবণক্ষমতার ওপর পড়ছে। শুধু তাই নয়, উচ্চ শব্দ এখন তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছে এবং অনেক সময় তা কানে ব্যথারও কারণ হচ্ছে।
নিজের পোস্টে তিনি লেখেন, “আমি শুধু সত্যিটা বলতে চেয়েছিলাম, কেন আমি আর গান করি না। আমি ধীরে ধীরে আমার শোনার ক্ষমতা হারাচ্ছি। আমার টিনিটাস হয়েছে। কানের ভেতরের শব্দ এত জোরে যে আমি আর উচ্চ শব্দ সহ্য করতে পারি না। এটি আক্ষরিক অর্থেই আমার কানে ব্যথা তৈরি করে।”
চিকিৎসকের পরামর্শে তিনি হিয়ারিং এইড ব্যবহার শুরু করেছিলেন। তবে তাঁর দাবি, সেটি ব্যবহারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে তিনি হিয়ারিং এইড ব্যবহার বন্ধ করে দিয়েছেন।
এ বিষয়ে আনুশেহ বলেন, “ডাক্তাররা আমাকে হিয়ারিং এইড পরতে বলেছিলেন, কিন্তু সেটার ওপর নির্ভরশীলতা আমাকে আরও কম শুনতে সাহায্য করছে এবং আমার টিনিটাস আরও খারাপ করছে। তাই আমি সেটি ব্যবহার বন্ধ করে দিয়েছি।”
বর্তমানে শান্ত ও নিরিবিলি পরিবেশে থাকলেই তিনি সবচেয়ে বেশি স্বস্তি অনুভব করেন। এ কারণেই শহরের কোলাহল ছেড়ে গ্রামে বসবাস করছেন তিনি। নিজের প্রতিষ্ঠিত ‘সরলবাড়ি’ ইকো রিসোর্টে বর্তমানে সময় কাটাচ্ছেন এই শিল্পী। রিসোর্টটি শুধু পর্যটনের জন্য নয়, বাউলশিল্পীদের জন্য একটি আশ্রম হিসেবেও পরিচিত।
তিনি আরও জানান, গ্রামের শান্ত পরিবেশ তাঁর কানের জন্য তুলনামূলক আরামদায়ক। তাই সেখানেই থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
বাংলাদেশের লোকসংগীতকে দেশ-বিদেশে নতুনভাবে পরিচিত করে তুলতে আনুশেহ আনাদিল দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাউল, লালন ও মরমি গানের দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত। তাঁর অসুস্থতার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।
কসমিক ডেস্ক