সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রবিবার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নবনিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের পর তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যে উদ্দেশ্যে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে তাদের নিয়োগ দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে সততা, স্বচ্ছতা এবং ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার বজায় রাখা রাষ্ট্রের আইন কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের আস্থা অর্জনে তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় শেষে অ্যাটর্নি জেনারেল নবনিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান। সেখানে প্রধান বিচারপতি ও বিচারপতিদের সঙ্গে তাদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং এক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়।
নতুন আইন কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রের পক্ষে গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা এবং বিচারিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো। দায়িত্ব পালনে সততা, আইনের শাসন ও সংবিধানের প্রতি অঙ্গীকার বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন অ্যাটর্নি জেনারেল।
কসমিক ডেস্ক