শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি ২০১৩ সালে মুক্তি পায়। এতে শাকিব খানের বিপরীতে পার্বতী চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস এবং চন্দ্রমুখীর ভূমিকায় ছিলেন মৌসুমী।
তবে সেই সিনেমায় অভিনয়ের সময় নিজের সর্বোচ্চটা দিতে পারেননি বলে মনে করেন শাকিব খান। ব্যস্ততার কারণে চরিত্রটির জন্য পর্যাপ্ত সময় দিতে না পারার আক্ষেপ রয়েছে তাঁর। তাই ভবিষ্যতে সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের মুখোমুখি হয়ে নিজের এই ইচ্ছার কথা জানান শাকিব। তিনি বলেন, ‘দেবদাস’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া যেকোনো অভিনেতার জন্যই ভাগ্যের বিষয়। ওই সময় একসঙ্গে অনেক সিনেমায় কাজ করতেন বলে চরিত্রটির জন্য যথেষ্ট সময় দিতে পারেননি বলেও জানান তিনি।
শাকিবের মতে, বর্তমানে তিনি একটি সিনেমায় যেভাবে সময় নিয়ে কাজ করেন, ‘দেবদাস’ করার সময়ও যদি তেমন সুযোগ পেতেন, তাহলে চরিত্রটিকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারতেন।
বাংলা ও হিন্দি সিনেমায় দেবদাস চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ ও শাহরুখ খানের অভিনয়ের সঙ্গে নিজের চরিত্রায়নের তুলনা নিয়েও খোলামেলা কথা বলেন শাকিব। তিনি জনপ্রিয় দুই অভিনেতার অভিনীত দেবদাসের তুলনায় নিজের অভিনয়কে পিছিয়েই রাখেন।
তবে পর্দায় বিরহী চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে নিজেকে তেমন মনে করেন না শাকিব। ব্যক্তিজীবনে হাসি-আনন্দে সুন্দরভাবে বাঁচতে চান বলে জানান তিনি।
ভবিষ্যতে আবার ‘দেবদাস’ হলে কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে অবশ্য কোনো নাম উল্লেখ করেননি শাকিব। বিষয়টি সময়ের ওপর ছেড়ে দিয়েছেন এই অভিনেতা।
কসমিক ডেস্ক