রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করা গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থের কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী Tareque Rahman। বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের জনগণের অর্থ দীর্ঘ সময় ধরে অপচয় ও বিদেশে পাচার হয়েছে, যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। তিনি দাবি করেন, জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় না করে একটি গোষ্ঠী তা বিদেশে পাচার করেছে। ভবিষ্যতে এই ধরনের অর্থ পাচার কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যারা এই কর্মসূচি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
বক্তব্যে তিনি বাজেটকে ‘জনবিরোধী’ বলার সমালোচনা করেন। তার মতে, যে বাজেটে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের মতো পদক্ষেপ রয়েছে, সেই বাজেটকে জনবিরোধী বলা যুক্তিসঙ্গত নয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা মনে করেন, এই কর্মসূচি বাস্তবায়িত হলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।
কসমিক ডেস্ক