স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আদ্-দ্বীন হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব আগামীকাল রবিবার বিকেলের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে হাসপাতালটির লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে স্বাস্থ্য খাতের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিফিংয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, রোগীদের চিকিৎসার জন্য স্যালাইনের সরবরাহ আরও বাড়ানো হচ্ছে।
মন্ত্রী জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টার মধ্যে আরও এক লাখ স্যালাইন দেশের মজুদে যুক্ত হবে। এর আগে বিদেশ থেকে বিনামূল্যে পাওয়া এক লাখ স্যালাইন ইতোমধ্যে এসেছে। ফলে মোট স্যালাইনের মজুদ দুই লাখে পৌঁছাবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় স্যালাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় আরও স্যালাইন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত মজুদ নিশ্চিত করার চেষ্টা চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা, চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
কসমিক ডেস্ক