বেলজিয়াম জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার মার্ক ফন বোমেল। তিনি রুডি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়ে রেড ডেভিলসের দায়িত্ব গ্রহণ করছেন।
রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) জানিয়েছে, বর্তমান কোচ রুডি গার্সিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হচ্ছে। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ফন বোমেল। তার সঙ্গে ইউরো ২০২৮ পর্যন্ত চুক্তি করেছে বেলজিয়ান ফুটবল কর্তৃপক্ষ।
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বেলজিয়ামের বিদায়ের পর রুডি গার্সিয়া কোচের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপর নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে আরবিএফএ।
নিয়োগের পর এক প্রতিক্রিয়ায় মার্ক ফন বোমেল বলেন, বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব পাওয়া তার জন্য বড় সম্মানের। তিনি বলেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ। বেলজিয়াম দলে অসাধারণ মানের খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অনেক। আমরা এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা হবে শৃঙ্খলাবদ্ধ, উচ্চাভিলাষী এবং বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।’
তিনি আরও বলেন, ‘সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। তবে কঠোর পরিশ্রম, সততা এবং অঙ্গীকারের কোনো বিকল্প নেই।’
২০১০ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ফাইনাল খেলা নেদারল্যান্ডস দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফন বোমেল। খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়ে যোগ দিয়ে তিনি পিএসভি আইন্দহোভেন, জার্মানির উলফসবুর্গ এবং বেলজিয়ামের রয়্যাল অ্যান্টওয়ার্পের দায়িত্ব পালন করেন।
বিশেষ করে ২০২৩ সালে রয়্যাল অ্যান্টওয়ার্পকে ৬৬ বছর পর বেলজিয়ান লিগের শিরোপা এনে দিয়ে প্রশংসা কুড়ান তিনি। ২০২৪ সালের জুনে ক্লাবটি ছাড়ার পর থেকে নতুন কোনো দলের দায়িত্বে ছিলেন না। এবার বেলজিয়াম জাতীয় দলের দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই ডাচ কোচ।
কসমিক ডেস্ক