ঈদুল আজহার ছুটির সময় রাজধানীবাসীর যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছুটির দিনগুলোতে মেট্রোরেল প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করে গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রীকে সেবা দিয়েছে।
ডিএমটিসিএল জানায়, গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনা কার্যকর করা হয়। ঈদের দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়। এ সময় প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনার মাধ্যমে বিপুলসংখ্যক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় নিয়মিত ট্রেন পরিচালনার পাশাপাশি বিশেষ প্রস্তুতিও রাখা হয়েছিল। চাহিদা অনুযায়ী যেকোনো মুহূর্তে সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে সার্বক্ষণিকভাবে ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়। এর ফলে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা ছাড়াই দ্রুত ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সরকারি ছুটির সময়েও মেট্রোরেলের সেবা সচল রাখতে ডিএমটিসিএলের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালন করেন। শুধু ট্রেন পরিচালনাই নয়, স্টেশন ও এর আশপাশের এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যও বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়। এর মাধ্যমে যাত্রীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঈদের ছুটির পুরো সময়ে মেট্রোরেল চলাচল সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে যাত্রী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এজন্য ডিএমটিসিএল সকল যাত্রী ও অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কসমিক ডেস্ক