রাজধানী ঢাকায় কোরবানির পশু জবাই-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে একই দিনে রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই ঘটনায় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও সিটি করপোরেশনের কার্যকারিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কসমিক ডেস্ক