সেনবাগের ফায়ার ফাইটারের বাড়ি যাওয়ার পথে দুঃখজনক মৃত্যু The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সেনবাগের ফায়ার ফাইটারের বাড়ি যাওয়ার পথে দুঃখজনক মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
সেনবাগের ফায়ার ফাইটারের বাড়ি যাওয়ার পথে দুঃখজনক মৃত্যু ছবির ক্যাপশন:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ফায়ার সার্ভিস কর্মী প্রান্ত মন্ডল (২৩) অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে তার মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রান্তকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রান্ত বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুপধন এলাকার পুনিল চন্দ মন্ডলের ছেলে। তিনি সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনে অগ্নিনির্বাপক হিসেবে কর্মরত ছিলেন। পরিবারে তিনি একমাত্র ছেলে, তার একটি বড় বোন রয়েছে। মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন জানান, প্রান্ত মঙ্গলবার বেলা ১১টার দিকে পাঁচদিনের সিএল ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে তিনি ফেসবুক স্টোরিতে মোটরসাইকেলের ছবি দিয়ে লিখেছিলেন, “এবার গন্তব্য আমার পরিবার।” বাড়িতে তার স্ত্রী, এক বছরের সন্তান এবং বাবা-মা তার অপেক্ষায় ছিলেন।

মহাসড়কে সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রান্তের আকস্মিক মৃত্যু স্থানীয়দের মধ্যে দুঃখ এবং হতাশার সৃষ্টি করেছে। নিহত ফায়ার ফাইটারের পরিবার, সহকর্মী এবং স্থানীয় জনগণ তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স