নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পোস্টারিং করা হয়েছে। শুক্রবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট ও বিবিএ ভবন এলাকায় বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার দেখা যায়।
পোস্টারগুলোতে “শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে হবে”, “বাংলাদেশ ছাত্রলীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে” এবং “রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে হবে”—এ ধরনের স্লোগান লেখা ছিল। এ ঘটনায় ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।
জানা গেছে, এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। এছাড়া সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম এতে সহযোগিতা করেন বলে জানা যায়।
আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, রাজনৈতিক কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার অধিকার ক্ষুণ্ন হওয়া উচিত নয়। তার মতে, শিক্ষা সবার মৌলিক অধিকার এবং বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভয় নয়, জ্ঞান ও যুক্তির চর্চা থাকা উচিত এবং রাজনৈতিক পরিচয়ের কারণে শিক্ষার্থীদের বঞ্চিত করা ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।
অন্যদিকে সাজবুল ইসলাম বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও ছাত্রলীগের অনেক কর্মী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া সংগঠনকে নিষিদ্ধ করা ছাত্রসমাজ মেনে নেবে না এবং সব রাজবন্দির মুক্তির দাবি জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ঘটনাটি তিনি খতিয়ে দেখছেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে বিষয়টি যাচাই করা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নজরদারি ও প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
কসমিক ডেস্ক