আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম।
বুধবার (১১ মার্চ) রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
ঈদযাত্রাকে নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত রাখতে এই মতবিনিময় সভার আয়োজন করে মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সভায় ময়মনসিংহ, সিলেটসহ বিভিন্ন জেলায় চলাচলকারী পরিবহন মালিক, চালক এবং সহকারীরা অংশ নেন।
সাইফুল আলম জানান, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা যাতে স্বস্তিদায়ক হয়, সে জন্য পরিবহন মালিক সমিতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো ঢাকার প্রধান বাস টার্মিনালগুলোতে ‘প্যাসেঞ্জার হেল্প ডেক্স’ স্থাপন করা।
তিনি বলেন, রাজধানীর মহাখালী, সায়েদাবাদ ও গাবতলী বাস টার্মিনালে এই হেল্প ডেক্স চালু থাকবে।
যাত্রীরা যদি কোনো বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পান, তাহলে সরাসরি এই হেল্প ডেক্সে অভিযোগ জানাতে পারবেন।
সাইফুল আলম আরও বলেন, ঈদযাত্রায় কোনো অবস্থাতেই যাত্রী হয়রানি করা যাবে না।
এই বিষয়ে ইতিমধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ঈদযাত্রার সময় ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না।
তার মতে, অনেক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো ফিটনেসবিহীন যানবাহন এবং বেপরোয়া গতি।
তাই এ ধরনের বাস চলাচলের ক্ষেত্রে কঠোর নজরদারি থাকবে।
সাইফুল আলম বলেন, মহাসড়কে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো যাবে না।
একজন চালক দীর্ঘ সময় বিরামহীনভাবে গাড়ি চালাতে পারবেন না বলেও জানান তিনি।
যাত্রী ও চালকের নিরাপত্তার কথা বিবেচনা করে চালকদের পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে তিনি জানান, বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে।
ঈদকে কেন্দ্র করে পরিবহন খাতে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
চালকরা যাতে নির্বিঘ্নে বাস চালাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের কোনো ধরনের হয়রানি মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের কার্যকরী সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সরওয়ার এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল এবং স্বস্তিদায়ক হবে।
কসমিক ডেস্ক