শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, দেশজুড়ে বিএনপির নানা কর্মসূচি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, দেশজুড়ে বিএনপির নানা কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : May 30, 2026 ইং
শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ, দেশজুড়ে বিএনপির নানা কর্মসূচি ছবির ক্যাপশন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন।

সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৩০ মে)। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

দলীয় সূত্রে জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। এ সময় সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ, দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। একইসঙ্গে দেশের জেলা, মহানগর ও অন্যান্য ইউনিটেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিন সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন। পরে সেখানে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানা এলাকায় এবং দেশের অন্যান্য ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। স্থানীয় পর্যায়েও আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আগামী ৩১ মে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলটির শীর্ষ নেতারা অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদভিত্তিক রাজনৈতিক দর্শনের প্রবক্তা হিসেবে তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। প্রতিবছরের মতো এবারও বিএনপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা আয়োজনে দিবসটি পালন করছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ