যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে দীর্ঘদিন অবরুদ্ধ থাকার পর বাংলাদেশি পতাকাবাহী রাষ্ট্রীয় মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা-এর নাবিকরা অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন।
দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে উড়োজাহাজে যাত্রা করে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
দেশে ফিরে সংবাদ সম্মেলনে জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম বলেন, যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে তারা যেন নতুন জীবন ফিরে পেয়েছেন। তিনি জানান, চারপাশে জাহাজ ডুবে যাচ্ছিল, মাথার ওপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতেও দেশবাসীর দোয়া ও মানসিক দৃঢ়তা তাদের সাহস জুগিয়েছে।
তিনি আরও বলেন, পারস্য উপসাগরে অবস্থানকালে যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে ওঠায় সরকারের পক্ষ থেকে জাহাজ ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে দায়িত্ব ও পরিস্থিতি বিবেচনায় তারা সতর্কতার সঙ্গে পুরো সময় পার করেন।
সংবাদ সম্মেলনে তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেনও অবরুদ্ধ সময়ের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর নিরাপদে দেশে ফিরতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।
জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি এমভি বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। এর পরদিন অঞ্চলজুড়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে জাহাজটি দীর্ঘ সময় উপসাগর এলাকায় আটকা পড়ে।
কসমিক ডেস্ক