হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ, মারধরে প্রাণ গেল ব্যবসায়ীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ, মারধরে প্রাণ গেল ব্যবসায়ীর

  • নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ, মারধরে প্রাণ গেল ব্যবসায়ীর ছবির ক্যাপশন: আশুলিয়ার পাড়াগ্রাম পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত হন গরু ব্যবসায়ী শহীদুল্লাহ কায়সার।

ঢাকার আশুলিয়ায় কোরবানির পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহতের স্বজনরা দাবি করেছেন, হাট কর্তৃপক্ষ ও তাদের সহযোগীরা তাকে বেধড়ক মারধর করলে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ কায়সার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে শহীদুল্লাহ কায়সার তার ভাই ও ভাগ্নেকে নিয়ে ১৮টি গরু হাটে নিয়ে আসেন। রাত পর্যন্ত ১৪টি গরু বিক্রি হলেও বাকি চারটি গরু নিয়ে তারা হাটেই অবস্থান করছিলেন।

এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাদের নির্ধারিত স্থানে গরু বাঁধতে চাইলে শহীদুল্লাহর ভাগ্নে ফিরোজ কবির বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাট কর্তৃপক্ষের লোকজন ও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ফিরোজের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

স্বজনরা জানান, ভাগ্নেকে রক্ষা করতে এগিয়ে গেলে শহীদুল্লাহ কায়সারকেও বেধড়ক মারধর করা হয়। হামলার সময় গরু বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তারা।

পরে গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহ কায়সারকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল ইসলাম বলেন, পশুর হাটে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা আশুলিয়া থানা থেকেই নেওয়া হবে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঈদকে কেন্দ্র করে জমে ওঠা পশুর হাটে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বর্ণবৈষম্যের অভিযোগ তুলে বিসিসিআই কমেন্ট্রি প্যানেল ছাড়লেন শ

বর্ণবৈষম্যের অভিযোগ তুলে বিসিসিআই কমেন্ট্রি প্যানেল ছাড়লেন শ