ঈদে বড় পর্দায় অভিষেক, ‘প্রেশার কুকার’ নিয়ে আশাবাদী মারিয়া শান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদে বড় পর্দায় অভিষেক, ‘প্রেশার কুকার’ নিয়ে আশাবাদী মারিয়া শান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
ঈদে বড় পর্দায় অভিষেক, ‘প্রেশার কুকার’ নিয়ে আশাবাদী মারিয়া শান্ত ছবির ক্যাপশন:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মারিয়া শান্ত এবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রথম সিনেমা নিয়েই বেশ আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। তার ভাষায়, এটি আন্তর্জাতিক মানের এবং দর্শকদের জন্য ‘মাস্টওয়াচ’ একটি কাজ হতে যাচ্ছে।

মারিয়া শান্ত ছোট পর্দায় একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। ‘নাম রেখেছি প্রেমিক’, ‘ফুলবাহার’, ‘পরাণের আধখান’, ‘আলাদিনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’, ‘বুক পকেটের গল্প’, ‘সানগ্লাস’, ‘ভাইভাম্যান’ ও ‘হৃদয় গভীরে’সহ বেশ কয়েকটি নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এবার সেই অভিজ্ঞতা নিয়েই তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করছেন।

নিজের প্রথম সিনেমা প্রসঙ্গে মারিয়া শান্ত বলেন, বড় পর্দায় কাজ করা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। একটি চরিত্রকে দীর্ঘ সময় ধরে ধারণ করা, গল্পের ভেতরে ডুবে থাকা এবং পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া—সব মিলিয়ে সিনেমা তার কাছে দারুণ এক জার্নি। ‘প্রেশার কুকার’-এ তিনি টিনএজ একটি চরিত্রে অভিনয় করেছেন, যার দীর্ঘ ও চ্যালেঞ্জিং একটি যাত্রা রয়েছে।

এই সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন শবনম বুবলী, নাজিফা তুষিস্নিগ্ধা চৌধুরীসহ আরও কয়েকজন মেধাবী শিল্পী। গল্পের প্রয়োজনেই সবার সঙ্গে খুব বেশি দৃশ্য না থাকলেও সহশিল্পীদের সহযোগিতা ছিল প্রশংসনীয় বলে জানান তিনি।

পরিচালক রায়হান রাফীর সঙ্গে কাজের সুযোগ পাওয়া নিয়ে মারিয়া শান্ত বলেন, তিনি অডিশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। রাফীর সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক করার ইচ্ছা ছিল তার। তাই সুযোগ পাওয়ার পর আর বেশি ভাবেননি।

‘প্রেশার কুকার’ সিনেমার বিশেষত্ব হলো—এটি নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এবং চার নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়েছে। প্রচলিত নায়ক-নায়িকাকেন্দ্রিক ধারার বাইরে গিয়ে গল্পভিত্তিক ও নারীকেন্দ্রিক সিনেমা নির্মাণের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন মারিয়া শান্ত। তার মতে, দেশের সিনেমায় নারী চরিত্রকে আরও গুরুত্ব দেওয়া উচিত এবং এই সিনেমা সেই পরিবর্তনের একটি অংশ হতে পারে।

বর্তমান সময়ে দর্শকরা আন্তর্জাতিক কনটেন্ট ও ওটিটি প্ল্যাটফর্মে অভ্যস্ত হয়ে উঠেছেন। তাই গল্পনির্ভর, মানসম্মত কাজই দর্শক গ্রহণ করবে বলে বিশ্বাস করেন তিনি। ‘প্রেশার কুকার’ সম্পর্কে তার মন্তব্য, এটি ভিন্নধর্মী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একটি কাজ, যা দর্শকদের হলে টানবে।

সিনেমায় অভিষেকের পর নাটক নাকি চলচ্চিত্র—এমন প্রশ্নে তিনি জানান, প্ল্যাটফর্ম নয়, ভালো কাজই তার কাছে মুখ্য। নাটক, ওটিটি কিংবা সিনেমা—যেখানেই মানসম্মত কাজের সুযোগ মিলবে, সেখানেই কাজ করতে চান তিনি।

সবশেষে দর্শকদের উদ্দেশ্যে মারিয়া শান্ত বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সবার হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত। বিশেষ করে নারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি গল্প। তার বিশ্বাস, দর্শক শুধু সিনেমাটি দেখবেনই না, বরং আলোচনার ঝড় তুলবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ

নির্বাচনে অংশ নিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ