ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সফরে গিয়ে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠককে আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সংলাপের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সংলাপ এগিয়ে নিতে পাকিস্তান যে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তারই ধারাবাহিকতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ইরানের প্রতিনিধিদল আব্বাস আরাগচির নেতৃত্বে ইসলামাবাদে পৌঁছায়। স্থানীয় সময় শুক্রবার রাতে তাদের বহনকারী বিমানটি পাকিস্তানে অবতরণ করে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেন।
পাকিস্তানে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ছাড়াও প্রতিরক্ষা বাহিনীর প্রধান আসিম মুনির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এসব আলোচনায় আঞ্চলিক উত্তেজনা, কূটনৈতিক উদ্যোগ এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিভিন্ন দিক গুরুত্ব পাবে।
বিশ্লেষকদের মতে, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই ধরনের কূটনৈতিক যোগাযোগ আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং সম্ভাব্য সংলাপের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কসমিক ডেস্ক