ইডেন কলেজে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইডেন কলেজে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
ইডেন কলেজে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ-এ নানা কর্মসূচির মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে কলেজের অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং আবাসিক হলের শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুরো ক্যাম্পাসে ছিল শোক, গর্ব ও প্রেরণার আবহ।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ড. হোসনে আরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. আফরোজা বেগম

সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এহছানি খানম। বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার অধিকার রক্ষায় বাঙালি জাতির আত্মত্যাগ বিশ্ব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। ভাষা শহীদদের আত্মত্যাগের ফলেই আজ বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে।

অধ্যাপক ড. হোসনে আরা পারভীন বলেন, “ভাষা শহীদসহ সকল শহীদদের যথাযথভাবে সম্মান প্রদর্শন তখনই সম্ভব, যখন তোমরা তাদের আদর্শকে অন্তরে ধারণ করবে এবং বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাবে। এজন্য প্রয়োজন নিজেদেরকে সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা এবং নিজের মাতৃভাষা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।”

তিনি আরও বলেন, একুশের চেতনা কেবল একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানবিকতা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়বোধের শিক্ষা দেয়। শিক্ষার্থীদের তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি ড. আফরোজা বেগম ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগায়। তিনি শিক্ষার্থীদের ভাষার সঠিক চর্চা ও গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান।

মূল আলোচক এহছানি খানম বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার সংগ্রাম কেবল অতীতের ঘটনা নয়; এটি বর্তমান ও ভবিষ্যতের দায়িত্বও বটে। ভাষা ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে একটি প্রগতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। তারা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং ভাষা আন্দোলনভিত্তিক বক্তব্যের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, একুশের চেতনা নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। দিবসটি উপলক্ষে সারাদিন কলেজ ক্যাম্পাসে ছিল শোকের সঙ্গে গর্বের আবহ—যা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়তে পারে, ২১ বছরের মধ্যে অস্বাভাব

ঘন কুয়াশায় শীতের তীব্রতা বাড়তে পারে, ২১ বছরের মধ্যে অস্বাভাব