আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেল আলুর ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেল আলুর ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
আকস্মিক বৃষ্টিতে তলিয়ে গেল আলুর ক্ষেত, দুশ্চিন্তায় কৃষক ছবির ক্যাপশন:

জয়পুরহাটের কালাই উপজেলায় হঠাৎ হওয়া বৃষ্টির কারণে বিস্তীর্ণ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে আলু উত্তোলনের শেষ সময়ে এমন বৃষ্টিতে আলুর ক্ষেত এবং মাঠে তুলে রাখা আলু পানির নিচে ডুবে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক মাঠে বৃষ্টির পানি জমে রয়েছে। কোথাও জমির ওপর সরাসরি পানি জমে আছে, আবার কোথাও উঁচু জমি থেকে নিচু জমিতে পানি নেমে গিয়ে ফসল তলিয়ে দিয়েছে।

আওড়া, হাতিয়র, তালোড়াবাইগুনি, কালিমহুর, ঝামুটপুর এবং বানিহারা এলাকার বিভিন্ন মাঠে একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। অনেক কৃষক ইতোমধ্যে আলু উত্তোলন করে মাঠে শুকানোর জন্য রেখে দিয়েছিলেন।

কিন্তু আকস্মিক বৃষ্টির কারণে সেই আলু পানিতে ডুবে গেছে। এতে আলু পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আগে যেসব পথ দিয়ে বৃষ্টির পানি সহজে পার হয়ে যেত, সেসব পানি নিষ্কাশনের পথ এখন অনেক জায়গায় ভরাট হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই জমিতে পানি জমে থাকছে এবং দ্রুত বের হতে পারছে না।

উপরের জমি থেকে নেমে আসা পানি নিচের জমিতে আটকে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কৃষকদের মতে, পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়াই এ সমস্যার অন্যতম কারণ।

ক্ষতিগ্রস্ত কৃষকরা সকাল থেকেই মাঠে নেমে জমে থাকা পানি সরানোর চেষ্টা করছেন। কেউ শ্যালোমেশিন বসিয়ে পানি বের করার চেষ্টা করছেন, আবার কেউ মাটি কেটে নতুন করে পানি নামার পথ তৈরি করছেন।

তবে অনেক ক্ষেত্রেই পানি দ্রুত নামছে না। ফলে জমিতে পড়ে থাকা আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে।

আওড়া গ্রামের কৃষক লাবু মিয়া জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। কয়েকদিন আগে আলু তুলে জমিতেই শুকানোর জন্য রেখে দিয়েছিলেন।

তার পরিকল্পনা ছিল বৃহস্পতিবার সেসব আলু বস্তা করে হিমাগারে পাঠাবেন। কিন্তু সকালবেলার আকস্মিক বৃষ্টিতে জমিতে পানি জমে সব আলু ডুবে গেছে।

তিনি বলেন, এখন পানি সরালেও আলু পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক কষ্ট করে চাষ করা ফসল যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে কৃষকের আর কিছু করার থাকে না।

হাতিয়র গ্রামের কৃষক মাসুদ রানা জানান, তিনি কিস্তির টাকা তুলে আলু চাষ করেছিলেন। বাজারে আলুর দাম কম থাকায় তিনি কিছুদিন অপেক্ষা করে আলু হিমাগারে রাখার পরিকল্পনা করেছিলেন।

কিন্তু হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে আলুর ক্ষেত তলিয়ে গেছে। এতে এখন তিনি কিস্তির টাকা কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

এ বিষয়ে কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, উপজেলার কিছু মাঠে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

তবে তার দাবি, ক্ষতির পরিমাণ খুব বেশি নয়। তিনি বলেন, যদি দ্রুত জমে থাকা পানি নিষ্কাশন করা যায়, তাহলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হতে পারে।

তিনি আরও জানান, পানি দীর্ঘ সময় জমে থাকলে আলুসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কৃষকদের দ্রুত পানি সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব সংসদে নেই’—রুমিন ফারহানা

‘এবার ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব সংসদে নেই’—রুমিন ফারহানা