ঈদযাত্রার জন্য গণপরিবহনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঈদযাত্রার জন্য গণপরিবহনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 10, 2026 ইং
ঈদযাত্রার জন্য গণপরিবহনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার দাবি ছবির ক্যাপশন:

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ঈদ পর্যন্ত গণপরিবহনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে, পরিবহনে জ্বালানি তেলের সিলিং বা রেশনিং পদ্ধতি ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি বাড়াবে এবং ভাড়া নৈরাজ্য সৃষ্টি করতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “আসন্ন ঈদে ঢাকা ও আশপাশের জেলা থেকে প্রায় দেড় কোটি মানুষ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরবেন। দেশের এক জেলা থেকে অন্য জেলায় আরও তিন থেকে চার কোটি মানুষ যাতায়াত করবে। এত বিপুলসংখ্যক মানুষের চলাচল সামাল দেওয়ার মতো পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা দেশে নেই।”

তিনি আরও উল্লেখ করেন, ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পরিবহনে ব্যাপক যাতায়াত হবে। প্রাক্কলন অনুযায়ী, লঞ্চে প্রায় ৪০ লাখ ট্রিপ, সিএনজিচালিত অটোরিকশায় ৩০ লাখ ট্রিপ, হিউম্যান হলারে ৮০ লাখ ট্রিপ, কার ও মাইক্রোবাসে ৬০ হাজার ট্রিপ, দূরপাল্লার বাস ও মিনিবাসে ৩০ লাখ ট্রিপ এবং ঢাকার সিটি বাসে প্রায় ৪০ লাখ ট্রিপ হতে পারে। এছাড়াও রাইডশেয়ারিং মোটরসাইকেলে প্রায় ২ কোটি ৫০ লাখ ট্রিপে যাত্রী পরিবহন হতে পারে।

মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এত অল্প সময়ে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রতিটি পরিবহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। তবে যদি সিলিং বা রেশনিং পদ্ধতি চালু থাকে, পরিবহনগুলো নির্ধারিত সংখ্যক ট্রিপ পরিচালনা করতে পারবে না।

সমিতির মহাসচিব সতর্ক করেছেন, জ্বালানি সরবরাহ সীমিত থাকলে কিছু অসাধু পরিবহন মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারে। এতে যাত্রীদের দুর্ভোগ বৃদ্ধি পাবে এবং ভাড়া নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হবে।

তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে সড়কে এমনিতেই যানজট ও জনজট বৃদ্ধি পায়। এই সময়ে পরিবহনগুলোকে বারবার জ্বালানি নিতে গেলে যাতায়াত আরও বিলম্বিত হবে। ফলে গণপরিবহনগুলোর নির্ধারিত ট্রিপ বাতিল হতে পারে এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার সময়সূচি লন্ডভন্ড হয়ে যেতে পারে।

সংগঠনটি এ পরিস্থিতি এড়াতে আহ্বান জানিয়েছে, ঈদের দিন পর্যন্ত পরিবহন খাতে জ্বালানি তেল সরবরাহে কোনো সিলিং বা রেশনিং পদ্ধতি প্রয়োগ করা না হোক। বরং সব ধরনের গণপরিবহনকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ হয়।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আশা প্রকাশ করেছে, সরকারের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ঈদযাত্রার সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে, ভাড়া নৈরাজ্য রোধ হবে এবং যানজট ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাগেরহাটে প্রাণ গেল এক যুবকের

নির্বাচন-পরবর্তী সহিংসতায় বাগেরহাটে প্রাণ গেল এক যুবকের