মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও অস্থিরতার প্রভাব এবার পড়েছে ক্রিকেটের অঙ্গনেও।
কাতারের দোহায় আগামী ২৫ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা।
তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেই সভা স্থগিত করা হয়েছে।
আইসিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছিল, কাতারের ক্রিকেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ এবং দেশটির ক্রীড়া অবকাঠামোর সঙ্গে সম্পর্ক জোরদার করার লক্ষ্যেই দোহাকে বোর্ড সভার ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছিল।
তবে পরিস্থিতির পরিবর্তনের কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সভাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না।
আইসিসি জানিয়েছে, আগামী এপ্রিল মাসের কোনো এক সময়ে বোর্ড সভাটি আয়োজনের চেষ্টা করা হবে।
তবে এখন পর্যন্ত নতুন কোনো তারিখ বা ভেন্যু চূড়ান্ত করা হয়নি।
এদিকে আইসিসির বোর্ড সভায় অংশ নেওয়ার কথা ছিল বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের।
তাদের অনেকেই বর্তমানে ভারতের গুজরাটের আহমেদাবাদে অবস্থান করছেন।
আজ সেখানে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
আইসিসি চেয়ারম্যান জয় শাহর নিজ রাজ্যে অনুষ্ঠিত এই ম্যাচকে ঘিরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জড়ো হয়েছেন ক্রিকেট বিশ্বের অনেক প্রভাবশালী কর্মকর্তা।
নিউজিল্যান্ড ফাইনালে ওঠায় দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রজার টুজও ভিভিআইপি বক্সে উপস্থিত থাকবেন।
এছাড়া জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তাভেঙ্গওয়া মুকুলানি এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেট প্রশাসক ড. মোহাম্মদ মুসাজিরাও ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত থাকছেন না।
তিনি বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থান করছেন।
ক্রিকবাজের এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভিকেও আজকের ফাইনালে দেখা যাওয়ার সম্ভাবনা কম।
কসমিক ডেস্ক