নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব গ্রহণের পর ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) তিনি শিখা অনির্বাণে উপস্থিত হয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে একই দিন সকালে নৌসদর দপ্তরে পৌঁছালে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নৌবাহিনী প্রধান দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে একটি আধুনিক ও শক্তিশালী ‘ব্লু ওয়াটার নেভি’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, উন্নত শোনার ব্যবস্থা, রাডার প্রযুক্তিসহ আধুনিক সামরিক সরঞ্জাম সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা রক্ষা, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, গত ২৩ জুলাই ২০২৬ তারিখে ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
কসমিক ডেস্ক