মেয়েরা শিক্ষায় এগোলেও সংসারে নির্যাতনের শিকার: এমপি আব্দুল মহিত তালুকদার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মেয়েরা শিক্ষায় এগোলেও সংসারে নির্যাতনের শিকার: এমপি আব্দুল মহিত তালুকদার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
মেয়েরা শিক্ষায় এগোলেও সংসারে নির্যাতনের শিকার: এমপি আব্দুল মহিত তালুকদার ছবির ক্যাপশন:

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, বর্তমানে শিক্ষাক্ষেত্র ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেয়েরা ছেলেদের তুলনায় অনেক ক্ষেত্রে ভালো ফলাফল করছে। কিন্তু দুঃখজনকভাবে সংসার জীবনে প্রবেশ করার পর অনেক নারীকে নির্যাতনের শিকার হতে হয়। তিনি বলেন, একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন করতে হলে সবার আগে নারী নির্যাতন বন্ধ করতে হবে।

রবিবার (৮ মার্চ) আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মহিত তালুকদার বলেন, সমাজে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, শিক্ষা ও কর্মক্ষেত্র—সব জায়গায় নারীরা তাদের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিচ্ছেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে মেয়েদের অগ্রগতি স্পষ্টভাবে দৃশ্যমান। অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেয়েরা ছেলেদের তুলনায় ভালো ফলাফল করছে।

তবে বাস্তব জীবনে তাদের অনেককেই নানা ধরনের বৈষম্য ও নির্যাতনের মুখোমুখি হতে হয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ না হলে সমাজে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

এমপি বলেন, তিনি জানতে পেরেছেন আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার নারীদের অন্যতম প্রধান দাবি হলো এই অঞ্চলে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা। কারণ একটি পরিবারে যদি একজন সদস্য মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে সেই পরিবারে অশান্তি ও ধ্বংস নেমে আসে।

তিনি আরও বলেন, একটি পরিবারে মাদকাসক্ত ব্যক্তি থাকলে প্রথমেই এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবারের নারীদের ওপর। অনেক সময় তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় থানার দ্বারস্থ হতে বাধ্য হন।

আব্দুল মহিত তালুকদার বলেন, নারীদের নিরাপদ ও সুখী জীবন নিশ্চিত করতে হলে সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একই সঙ্গে নারী-পুরুষ সমঅধিকার শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবেও তা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিনটি কেবল উদযাপনের জন্য নয়, বরং নারীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

সভায় সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, দবীর সহকারী পরিচালক ফিরোজ আল মামুন এবং নারী উদ্যোক্তা হাসিনা মমতাজ মুক্তা।

বক্তারা তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীরা যাতে নিরাপদ পরিবেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, সে জন্য সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত বক্তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করা গেলে সমাজ আরও সমৃদ্ধ ও মানবিক হয়ে উঠবে। তাই নারী দিবসকে সামনে রেখে নারী অধিকার প্রতিষ্ঠায় নতুন করে অঙ্গীকার করার আহ্বান জানানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
পাকিস্তানের হামলার পর আফগান তালেবান সরকারের জরুরি বৈঠক

পাকিস্তানের হামলার পর আফগান তালেবান সরকারের জরুরি বৈঠক