আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে জোটের নেতারা ১২টা ১০ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা।
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমীর খসরু, তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
কসমিক ডেস্ক