ভোটের দৌড়ে ৮৩ নারী প্রার্থী, নজরে ঢাকা ও বাইরে কয়েকটি আসন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ভোটের দৌড়ে ৮৩ নারী প্রার্থী, নজরে ঢাকা ও বাইরে কয়েকটি আসন

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
ভোটের দৌড়ে ৮৩ নারী প্রার্থী, নজরে ঢাকা ও বাইরে কয়েকটি আসন ছবির ক্যাপশন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়। এখন প্রার্থীদের অপেক্ষা ভোটের ফলাফলের। এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম হলেও তাঁরা আলোচনায় ছিলেন পুরো সময়জুড়ে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৮৩ জন নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ২০ জন স্বতন্ত্র প্রার্থী।

ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে রয়েছেন ১৭ জন নারী প্রার্থী। বাকি ৬৭ জন ঢাকার বাইরে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজধানীর কয়েকটি আসনে নারী প্রার্থীদের ঘিরে আলোচনাও বেশি। ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-৮-এ মেঘনা আলম, ঢাকা-১২-তে তাসলিমা আখতার, ঢাকা-১৪-তে সানজিদা ইসলাম, ঢাকা-১৯-এ দিলশানা পারুল এবং ঢাকা-২০-এ ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন।

ডা. তাসনিম জারা ভিন্নধর্মী প্রচার ও নতুন ধারার রাজনৈতিক ইশতেহার নিয়ে ভোটারদের কাছে গেছেন। শুরুতে জাতীয় নাগরিক পার্টির হয়ে নির্বাচন করার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেন। নির্বাচনী প্রচারণায় তিনি দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম সন্ত্রাস, মাদক ও দখলমুক্ত নিরাপদ জনপদ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থী দিলশানা পারুল সামাজিক পরিবর্তন ও নারীর সক্রিয় অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার চালিয়েছেন।

ঢাকার বাইরে বিভিন্ন জেলায়ও নারী প্রার্থীরা আলোচনায় রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা, ফরিদপুর-২-এ শামা ওবায়েদ, ফরিদপুর-৩-এ নায়াব ইউসুফ আহমেদ, বরিশাল-৫-এ মনীষা চক্রবর্তী, লক্ষ্মীপুর-৪-এ তানিয়া রব এবং নেত্রকোনা-৪-এ জলি তালুকদার নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়েছেন।

বরিশাল-৫ আসনে মনীষা চক্রবর্তী সাধারণ মানুষের অনুদানে নির্বাচনী ব্যয় সংগ্রহের বিষয়টি তুলে ধরে স্বচ্ছ রাজনীতির বার্তা দিয়েছেন। ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করে ভোটারদের সমর্থন চেয়েছেন। নেত্রকোনা-৪ আসনে জলি তালুকদার হাওর এলাকার অধিকার ও শ্রমজীবী মানুষের দাবিকে সামনে রেখে প্রচারণা চালিয়েছেন।

দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে নারী প্রার্থীদের অংশগ্রহণ সংসদ নির্বাচনে নারীর উপস্থিতিকে দৃশ্যমান করেছে। এখন অপেক্ষা ভোটের ফলাফলের—৮৩ নারী প্রার্থীর মধ্যে কারা জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবেন, তা জানা যাবে ভোটগ্রহণ শেষে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রায় ২০০ যাত্রী নিয়ে লঞ্চে দুর্ঘটনা, হতাহতের খবর নেই

প্রায় ২০০ যাত্রী নিয়ে লঞ্চে দুর্ঘটনা, হতাহতের খবর নেই